পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে ফটোগ্রাফার উজ্জ্বল হত্যার দ্বায় স্বীকার করেছে আটক দুই আসামি।
তারা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামের সৈয়দ মো. এহসাম একরাম ( ১৯) ও একই গ্রামের মো. খসরু মিয়া(১৮)।
সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর বিচারক অঞ্জন কান্তি দাসের আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ফটোগ্রাফার উজ্জ্বল’র মূল হত্যাকারী দুইজনকে আদালতে হাজির করলে আসামীরা হত্যার বর্ণনা দেয়। পরে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে তাদের সহযোগী ট্রাক চালক রায়হান আহমদ ও ট্রাকের হেল্পার ওলিউর রহমানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত। রবিবার সকালে পর্যটকদের ছবি তুলতে জাফলং জিরো পয়েন্ট এলাকায় যায় ফটোগ্রাফার উজ্জ্বল। বেলা আড়াইটার দিকে পর্যটক বেশে আসা একরাম ও খসরু ছবি উঠাবে বলে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে উজ্জ্বলের সাথে চুক্তি করে।
সে অনুযায়ী ছবি উঠানোর কথা বলে উজ্জ্বলকে নিয়ে জিরো পয়েন্ট এলাকা থেকে মায়াবী ঝর্ণার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে সুযোগ বুঝে পর্যটক বেশে থাকা একরাম ও খসরু ফটোগ্রাফার উজ্জ্বলকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে তার ক্যামেরা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ৪ ঘণ্টার মাথায় গত রবিবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িত মো. এহসাম একরাম ও মো. খসরু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তারা ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক চালক রায়হান আহমদ ও ট্রাকের হেল্পার ওলিউর রহমানকেও গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এমআর
