মীর্জাগঞ্জে সড়ক দুর্ঘটনা ও পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

মীর্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ কোম্পানির স্থানীয় এক ডিলারের ডেলিভারিম্যান সোহাগ (২৬) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া গ্রামে আবদুল গনি হাওলাদার বাড়ি সংলগ্ন সড়কে। মীর্জাগঞ্জ থানা পুলিশ জানায়, সোহাগ ওইদিন একটি টেম্পোযোগে কাকড়াবুনিয়া বাজারে প্রাণের বিভিন্ন মালামাল ডেলিভারি দিয়ে উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দরে ফিরছিল। কাকড়াবুনিয়া গ্রামে আবদুল গনি হাওলাদার বাড়ি সংলগ্ন সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে সড়কের খাদে পড়ে গেলে সোহাগ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ উপজেলার আন্দুয়া গ্রামের মোঃ মৌজে আলীর ছেলে।

এদিকে একই দিন বিকেলে উপজেলার রানীপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের শিশু ছেলে জুবায়েদ (৩) বাড়ির পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।