মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। তাদের লেখনিতে সমাজের দোষ-ত্রুটি যেমন আমরা জানতে পারি তেমনি উন্নয়ন সংবাদগুলোও আমরা পাই। তবে অনেক ক্ষেত্রে অসত্য সংবাদ বা বিভ্রান্তিমূলক সংবাদ সমাজে নানান সমস্যারও সৃষ্টি করে। যে কোনো সংবাদ প্রকাশের আগে এর সত্যতা যাচাই করে প্রকাশ করলে তার বস্তুনিষ্ঠতা থাকে।
বুধবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পরিশ্রম করেন দুর্যোগ সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যা ঘটেনি, তাও পত্রিকায় প্রকাশিত হয়। যে কোনো সংবাদ একটু খোঁজ-খবর নিয়ে প্রকাশ করলে আর কোনো বিড়ম্বনা থাকে না। সাংবাদিকরা যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন। যে কোনো সত্য খবর সাংবাদিকদের প্রকাশের অধিকার রয়েছে। তিনি বলেন, দেশের মত্স্য ও প্রাণিসম্পদ উন্নয়নে তার মন্ত্রণালয় কাজ করছে। নেত্রকোনা জেলার হাওর উন্নয়ন ও হাওরের মত্স্য সম্পদ সংরক্ষণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ চিকিত্সক ডা. এম এ হামিদ খান, সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
