ফুলবাড়িতে উপজেলা পৌর ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে লাঞ্ছনার প্রতিবাদসহ লাঞ্ছনাকারীকে গ্রেফতারের দাবিতে চতুর্থদিনের মতো বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দপ্তরের সার্ভেয়ার দেবাশীষ কর্মকার, নাজির আতিউর রহমান, এলুয়ারি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লুত্ফর রহমান, আলাদিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ক্ষীতিশ চন্দ্র রায় প্রমুখ। উপজেলার পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতির কারণে জমিজমা, খাজনা খারিজ, নামজারি ও ভূমিকর পরিশোধ নিয়ে বিড়ম্বনায় পড়েন। তবে অভিযুক্ত ব্যবসায়ী নবিউল ইসলাম লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহলের ইন্ধনে তাকে সমাজে হেয় করার জন্যই ওই ভূমি কর্মকর্তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, জমিজমার একটি তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে গত ১০ জানুয়ারি পৌর শহরের ব্যবসায়ী নবিউল ইসলাম ভূমি অফিসে গিয়ে সহকারী ভূমি কর্মকর্তা জাহিদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন ওই কর্মকর্তা।
