নওগাঁয় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:২৯

আতঙ্কে এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর-আত্রাইয়ের বিশ্ব বাঁধের ওপর দিয়ে খুঁটি ছাড়াই নিয়মনীতির তোয়াক্কা না করে বাঁশ ও গাছের ওপর দিয়ে টানা হয়েছে বৈদ্যুতিক লাইনের তার। ঝুঁকিপূর্ণ ঐ তারে জড়িয়ে ইতিমধ্যে ঘটেছে অনেক দুর্ঘটনা। এছাড়াও যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, অরিক্ষিতভাবে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক তার। আবার কোথাও ঝুলে রয়েছে তার। মিটারের বক্সও ভাঙা। দেখলে মনে হবে কেউ ফেলে গেছে পরিত্যক্ত বা বিছিন্ন বৈদ্যুতিক তারসহ সরঞ্জাম। এই দৃশ্য নওগাঁর রাণীনগর-আত্রাইয়ের বিশ্ব বাঁধের ওপর। ঘোষগ্রামের সাজ্জাদ হোসেনসহ স্থানীয় রহিম মণ্ডল, কাশেম সরকারসহ অন্যরা জানান, রাণীনগর উপজেলার কুজাইল স্লুইসগেট থেকে ধনপাড়া পর্যন্ত প্রায় সাত-আট কিলোমিটার বাঁশ ও মরা গাছের ওপর দিয়ে খুঁটি ছাড়াই প্রায় ২৫টি বৈদ্যুতিক তার টেনে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ-সাত বছর আগে এই অবৈধ বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। অবৈধভাবে সেচ প্রকল্প ও রাইস মিলে এভাবে সংযোগ দেওয়ায় এলাকাবাসী ও পথচারীরা আতঙ্কে থাকেন। স্থানীয় রাশেদ হোসেন ও সুরুজ ইসলাম অভিযোগ করেন, নওগাঁ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেচ প্রকল্পের মালিক ও রাইস মিলের মালিকদের কাছ থেকে টাকা নিয়ে এই অবৈধ সুযোগ-সুবিধা দিয়েছেন। দ্রুত এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আত্রাইয়ের বড় কালিকাপুর গ্রামের সাগর হোসেন জানান, এই বাঁধ দিয়ে প্রতিদিন মান্দা, বাগমারা, নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই উপজেলার শত শত যানবাহন চলাচল করে। তাই তারা সবসময় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

রাণীনগরের মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নওগাঁ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের পরিকল্পনাবিহীন বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। এতে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক তার বিছিন্ন না করে দ্রুত খুঁটি স্থাপনের মধ্যদিয়ে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।