কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসা ছাত্রের পাঁচদিন করে ও দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন, কুষ্টিয়ার জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসা শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদ (২০)।
পুলিশ ও আদালত সূত্র জানায়, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে চার আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্র পক্ষের যুক্তি-তর্ক শেষে বিচারক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে আসামিদের নেয়া হয় পুলিশ হেফাজতে।
এর আগে ৭ ডিসেম্বর সোমবার গ্রেফতারকৃত মাদ্রাসা দুই ছাত্রের ১০ দিন করে ও দুই মাদ্রাসা শিক্ষকের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
