বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নাই (ইন্নালিল্লাহি...রাজিউন)।আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সম্প্রতি নিউমোনিয়াজনিত অসুখে ঢাকার এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরপর তার শরীরে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
ইত্তেফাক/কেকে
