পাঁচদফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (বাসাছাঅসপ) । সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রদায়িক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
ঢাকার ধোলাইপাড় চত্বরে জাতির জনক শেখ মুজিবর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ইসলামপন্থী বেশ কয়েকটি দল সেই পরিকল্পনার বিরোধিতায় সোচ্চার হয়েছে। এরই মধ্যে কয়েকটি ইসলামপন্থী সংগঠন ভাস্কর্য বিরোধী বিক্ষোভ মিছিল থেকে শুরু করে আলোচনা সভার ডাক দিয়েছে।
বাসাছাঅসপ বিরাজমান অস্থিরতা নিরসনে যে দাবী গুলো তুলে ধরছে তা হলো, ১. কোনো প্রকার দ্বন্দ্বে না জরিয়ে দু পক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কে সুষ্ঠু সমাধান। ২. আলেম ওলামাদের উদ্দেশ্য হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেয়ার আহ্বান। ৩. উত্তেজনাবসত বা কারো উসকানিতে দেশের বিদ্যমান সকল ভাস্কর্য সমূহের কোনোরূপ ক্ষতি না করতে সকলের প্রতি আহবান। ৪. দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে সকল প্রকার ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহারের আহবান। ৫. ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড না করার আহ্বান।
আরো পড়ুন: ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার: ওবায়দুল কাদের
পাঁচ দফা দাবী বিশ্লেষণ করতে গিয়ে সংগঠনটির আহ্বায়ক এবিএম সুহেল বলেন, ধর্ম খুবই একটি স্পর্শকাতর বিষয়। আমাদের সবার উচিত ধর্মকে পুঁজি করে যেন কোনো রাজনৈতিক ইস্যু না আসে বা ব্যক্তিগতভাবে কেউ নোংরা পরিস্থিতির সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যসচিব ইসমাইল সম্রাট বলেন, বাংলাদেশ বরাবরই একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির জন্য তৈরি হয়েছে। আমরা চাই ধর্ম নিয়ে যেন কেউ রাজনৈতিক ইস্যু তৈরি না করে । ক্ষমতায় যে যেই থাক না কেন ধর্ম নিয়ে কোন কটূক্তি করা যাবে না।
এ বিষয়ে আলোচনা ও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে তাদের দাবীগুলো মানতে সরকারের নিকট আহবান জানান বাসাছাঅসপের সদস্যসচিব।
ইত্তেফাক/এএইচপি
