অরুণা বিশ্বাসের ঠিকানা বত্রিশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:০৩

অ জে য়  চৌ ধু রী

 

দেশীয় চলচ্চিত্র এবং এবং নাটকের একজন ভার্সেটাইল অভিনেত্রীর নাম অরুণা বিশ্বাস। যে কোনো চরিত্রে অভিনয়ে তিনি অনন্য। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নিজেকে তিনি নির্মাণেও ব্যস্ত রাখেন। বর্তমান সময়ে আবার তাকে সেন্সর বোর্ডের একজন সম্মানীত সদস্য হিসেবেও যেমন বেশ ব্যস্ত থাকতে হয়, আবার আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে রাজনৈতিক নানা অনুষ্ঠানেও তাকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়।

মুজিববর্ষ উপলক্ষে সমপ্রতি নিজের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে অরুণা বিশ্বাস নির্মাণ করেছেন খণ্ড চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনা। মুক্তিযুদ্ধের সময়কাল এবং জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের মানবিক মহানুভবতার গল্প ওঠে এসেছে এই খণ্ড চলচ্চিত্রে।

এই চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘এই চলচ্চিত্রটি নির্মাণ করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আবু বকর সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনিই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, বিধায় এই খণ্ড চলচ্চিত্রটি নির্মাণ করতে পেরেছি। মুত্তিযুদ্ধের সময়কালীন অনেক মেয়ে ধর্ষিত হয়েছে, পিতৃহারা হয়েছে। তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন—তাদের বাবার নামের জায়গায় যেন তার নাম লিখে দেন এবং বত্রিশ নাম্বার বাসাই তাদের ঠিকানা। এই বিষয়টিও ওঠে এসেছে এই চলচ্চিত্রে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমাদের শিল্পীরা অনেক কষ্ট করেন, শ্রম দেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে যথাযথভাবে সম্মান দিতে পারি না। আমি এখন থেকে নিয়মিত নির্মাণে থাকার চেষ্টা করব এবং সত্যিকার অর্থেই যারা জাত শিল্পী তাদের নিয়ে অভিনয় করব।’

অরুণা বিশ্বাস জানান, শিগগিরই দেশের প্রায় সবগুলো চ্যানেলেই খণ্ড চলচ্চিত্রটি প্রচার হবে। এরইমধ্যে অরুণা বিশ্বাস ‘এক আজলা আগুন’ নামেরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।