বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
কালিহাতীত (টাঙ্গাইল): কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়াতে এই দুর্ঘটনা করে। নিহত একজন হলেন, আজহারুল ইসলাম তালুকদার (৫০), অপরজনের নাম জানা যায় নি। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত ৩০ জনের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।
পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো-ফুফাতো ভাই-বোন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় রংপুর—ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান (২৫), মশফিকুর রহমান (১৮) ও রুমী বেগম (২৩) একই মোটরসাইকেলে করে শঠিবাড়িহাটে যাচ্ছিল। এসময় পথে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
কুমিল্লা: লাকসামে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক ও যাত্রীসহ আরও চার জন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী। গতকাল সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিমগাঁও গ্রামের ইদ্রিস মিয়া বাবুর্চি (৫৫) ও বাবুর্চির হেলপার লাকসামের আমতলী গ্রামের আল আমিন (৩৫)।
কাহালু (বগুড়া): কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের কালিপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে গতকাল বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন গুরত্বর আহত হয়েছেন। নিহতরা হলেন, কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লোকনাথপাড়া গ্রামের কামরুল ইসলাম ওরফে সুজা খান (৩০) ও একই গ্রামের লেবু খাঁন (৬৬)।
