ঘুড়ির সুতায় আটকে পড়া কাককে মুক্ত করল ফায়ার সার্ভিস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে ঘুড়ির সুতায় আটকে গাছের মধ্যে ঝুলছিল একটি কাক। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাকটিকে উদ্ধার করে। বুধবার সকালে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার সড়ক ডিভাইডারের একটি গাছ থেকে কাকটি উদ্ধার করা হয়। কাকটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে ফোন করেছিলেন লক্ষ্মীপুর এলাকার একটি ওষুধের দোকানের কর্মী উজ্জ্বল হোসেন। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার লতিফুল বারী জানান, গাছের ডালে আটকে ছিল একটি ঘুড়ি। সেই ঘুড়ির সুতায় আটকা পড়ে কাকটি। প্রায় ২৪ ঘণ্টা এভাবে আটকে ছিল কাকটি।