১৪ দলে কোনো টানাপড়েন নেই --------ওবায়দুল কাদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলীয় ঐক্যজোট একটি আদর্শিক রাজনৈতিক জোট। মহাজোট নামের যে বৃহত্তর জোট সেটা কিন্তু নির্বাচনী ঐক্যজোট। নির্বাচনী জোট আর রাজনৈতিক জোট ভিন্ন জিনিস। যেহেতু ১৪ দলের সাথে আমাদের সম্পর্ক রাজনৈতিক, কাজেই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবেই। তিনি বলেন, এটা মনে রাখা জরুরি মহাজোট কিংবা ১৪ দলে কোনো প্রকার টানাপড়েন নেই। আমাদের মধ্যে কোনো ব্যাপারে যদি ভুল বোঝাবুঝি থাকে সেটা আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করব।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে আওয়ামী লীগের আগামীকালের বিজয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন লেজেগোবরে অবস্থা, আর জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙ্গনের সুর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে মাঝে মাঝে ভয় হয়, বেপরোয়া গাড়ির চালক যেভাবে দুর্ঘটনা ঘটিয়ে জানমালের ক্ষতি করে, তেমনিভাবে তিনি বেপরোয়া রাজনীতিবিদের মতো দেশের ক্ষতি না করে বসেন। আমরা অতি সহিষ্ণুতার সাথে বিষয়টি দেখছি। কেননা তাদের হেরে যাওয়ার একটি বেদনা আছে, কষ্ট আছে।

১৪ দলের নেতারা বিরোধী ভূমিকা পালন করুক আওয়ামী লীগ তেমনটা চায় কী না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, তারা যদি সংসদে বিরোধী দলের আসনে বসে এবং বিরোধীদল যত কনস্ট্রাকটিভ হয়ে পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের ভুল সংশোধন করতে পারবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরীকরা বিরোধী দলে থাকলে তা তাদের জন্যও ভালো, সরকারের জন্যও ভাল। কেন্দ্রীয় ১৪ দলের শরীকরা অনেকে বিরোধীদলের ভূমিকা পালনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

১৪ দলে কোনো টানাপড়েন নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক জোটের প্রশ্ন যখন আসে তখন তো আমরা এক সাথেই আছি। আমাদের জোট তো আমরা ভাঙ্গিনি। এগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, আরো আলোচনা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মির্জা আজম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।