বিদ্যুত্, পানি আর গ্যাস লাইনের অবৈধ বা চোরাই সংযোজনে গ্যাস-পানি-বিদ্যুত্ সংকট বাড়ছে। ব্যাটারিচালিত রিকশাসহ অনেক যানবাহনে সারা রাত ধরে বিদ্যুত্ লাইনের সঙ্গে সংযোজন দিয়ে চার্জ দেওয়া হয়; এভাবে বিদ্যুতের অপব্যবহারের খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো রাখেন না। এই সমাজে কতিপয় মানুষ আছে যারা জানে শুধু অপচয় করতে। যেমন লাইট জ্বালানো বা ফ্যান চালানোর প্রয়োজন নেই, তবু লাইট রাখে জ্বালিয়ে, ফ্যান ছেড়ে রেখে করে অযথা বিদ্যুত্ অপচয়। রান্না শেষ হয়ে গেছে, তারপরও চুলা জ্বালিয়ে গ্যাসের অপচয় করা কারো কারো নিত্যদিনের বদভ্যাস। কল ঠিকভাবে বন্ধ করে পানির অপচয় রোধ করার মানসিকতারও অভাব রয়েছে কতিপয়ের। গ্যাস, বিদ্যুত্ আর পানির অপচয় রোধে সবারই সচেতন থাকা উচিত। পেয়েছি বলে অপচয় করব—এটা কাম্য হতে পারে না। বিদ্যুত্ আর গ্যাস ব্যবহারের জন্য কার্ড সিস্টেম চালু হলেও সর্বত্র চালু করা হয়নি; সর্বত্র কার্ড সিস্টেম চালু হলে অপচয় রোধ করা সম্ভব হবে। পানির অপচয় রোধ করতেও প্রয়োজন বাসাবাড়ির জন্য কার্ড সিস্টেম করে দেওয়া। কার্ড সিস্টেমই পারবে বিদ্যুত্, গ্যাস আর পানির অপচয় রোধ করতে। বাসাবাড়িতে শুধু অপচয় হয়, এটা ঢালাওভাবে বলা ঠিক হবে না। যেভাবে ছড়িয়ে পড়েছে অবৈধ বা চোরাই বিদ্যুত্-গ্যাস-পানির সংযোগ লাইন—এটা রোধ করতে স্ব স্ব বিভাগকে তত্পর হতে হবে। বিদ্যুত্, গ্যাস ও পানির অবৈধ বা চোরাই লাইন বিচ্ছিন্ন করা না গেলে অপচয় রোধ করা অসম্ভব।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা
