খালেদা জিয়া, তারেক রহমান ও হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৯

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় হেফাজত ইসলামের আমীর মাওলানা জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে। জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী গতকাল বুধবার দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় মামলাটি করেন। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার বাদীর জবানবন্দি শুনে আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাত্ করে বাংলাদেশকে পাকিস্তান বানানো ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিহ্ন মুছে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী পাকিস্তানিদের দালাল চক্র খালেদা জিয়ার নেতৃত্বে ইসলামি জঙ্গিবাদী গোষ্ঠী ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যের একটি হাত ভেঙে দেয়।