বিএনপি নয়, আওয়ামী লীগই বর্ণচোরা দলে পরিণত হয়েছে --------------মির্জা ফকরুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:১৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে’—এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বর্ণচোরা দল, স্বাধীনতার পর থেকেই তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই গণতন্ত্র ধ্বংস করছে। গতকাল বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল ইসলাম আরো বলেন, আজকে দেশে অনিশ্চয়তা, অস্থিশীলতা তাদের জন্যই সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসনব্যবস্থা চালু করেছে। তারাই দেশে বর্ণচোরা রাজনীতি করছে। আওয়ামী লীগ সব সময় বিএনপির নাম নিচ্ছে। কারণ, তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবে আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এর পরেও আমরা নির্বাচনে যাব। কারণ, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।