আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন

‘করোনা মহামারির শুরুর দিকে দুর্নীতির উত্সব হয়েছে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:৩৬

জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও জাতিসংঘঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘করোনা ভাইরাস মোকাবিলায় দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা :দুর্নীতি থামাও, জীবন বাঁচাও’ এই প্রতিপাদ্যে গতকাল বুধবার দিবসটি উদ্যাপন করে সংস্থাটি।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল অনলাইনে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তারুণ্য :কার্টুন ও চিত্রশিল্প’ শীর্ষক একটি আলোচনা এবং ১৫তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা ও অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও শিক্ষাবিদ অধ্যাপক ড. পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আলোচনায় অংশ নেন টিআইবির ন্যায়পাল ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং লেখক ও সাংবাদিক আবুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক ও কার্টুনিস্ট শাহরিয়ার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং কার্টুন প্রতিযোগিতার কার্টুনিস্টবৃন্দ।

টিআইবির ন্যায়পাল অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের শুরুর দিকে দুর্নীতির একটা উত্সব শুরু হয়েছিল। তরুণরা যখন সামাজিক মাধ্যম ব্যবহার করে এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করে তখন এর মাত্রা কিছুটা কমে আসে। করোনার প্রতিষেধক যখন আসবে তখন এই দুর্নীতির মাত্রা আবার বাড়বে। তাই তরুণরা যদি তখন প্রতিষেধক নিয়ে হতে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে এই প্রতিষেধক কোনো দিন দরিদ্র মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাবে না।