সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধ করে শিশু হত্যার অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০০:১৫

সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধ করে তানজিল নামে সাত বছরের এক শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় আলমখানের ভাড়া বাড়িতে। ঘটনার পর ওই বাড়ির কেয়ারটেকার নাজমুল পলাতক রয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলমখানের বাড়িতে শিশু তানজিলকে নিয়ে বাবা আনোয়ার বসবাস করেন। গত বুধবার সন্ধ্যা থেকে তানজিল নিখোঁজ হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই বাড়ির একটি ষ্টোর রুমের ড্রামের নিচ থেকে তানজিলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তানজিল যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বলাত্কার করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।