বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ১৪টি সেবা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুনভাবে যুক্ত হলো আরো ১৪টি নতুন সেবা। পূর্বের ২১টি সেবাসহ সর্বোমোট ৩৫টি বিনিয়োগসেবা এখন থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। গতকাল ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। নতুন যুক্ত হওয়া সেবার মাধ্যমে বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয়, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, আইএফসি কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়েরনার, এফবিসিসিআই প্রেসিডেন্ট শামস মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি সেবাগুলো অবশ্যই ডিজিটালভাবে খুব সহজে অতিদ্রুতায় দিতে হবে। আমাদের শুধু উন্নয়ন নয়, আমাদের টেকসই  উন্নয়ন করতে হবে। তিনি জানান, বর্তমানে বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মধ্যমে ৯টি প্রতিষ্ঠানের ৩৫টি সেবা দিয়ে আসছে ও ইতিমধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এ বছরই ৩১ ডিসেম্বরের মধ্যে আরো ১০টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন করে বিডার অনলাইন সেবায় যুক্ত হওয়া সেবার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ১২টি সেবা রয়েছে। যেমন—পরিবেশগত ছাড়পত্র প্রদান ও নবায়ন (লাল, কমলা-ক, কমলা-খ, সবুজ), অস্থানগত ছাড়পত্র প্রদান, ইআইএ, টিওআর, জিরো ডিসচার্জড অনুমোদন। এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রেশন, এডহক শিল্প আইআরসি সুপারিশ প্রদান উল্লেখযোগ্য।