চট্টগ্রামে অস্ত্রোপচার শেষে পৃথিবীর আলো দেখল ২০ শিশু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৫১

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে দুই দফা অস্ত্রোপচার শেষে পৃথিবীর আলো দেখতে পেল ২০ রোহিঙ্গা ও স্থানীয় শিশু। অস্ত্রোপচারের পর গতকাল বৃহস্পতিবার চোখের বাঁধন খুললে এসব শিশু স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পায়। এরপর তাদেরকে ওষুধসহ যাবতীয় সেবা প্রদান করা হয়। গত ২ ও ৯ ডিসেম্বর দুই দফায় এসব শিশুর চোখে অস্ত্রোপচার করা হয়।

জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের কাছাকাছি চোখের অস্ত্রোপচারের সুব্যবস্থা না থাকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে তাদের অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গনি চৌধুরী। তাকে সহযোগিতা করেন অরবিস ইন্টারন্যাশনালের এমআইএস কনসালটেন্ট মকবুল হোসেন, চক্ষু হাসপাতালের অফথ্যালমিক প্যারামেডিক নুরতাজ, নাসরিন ও ফখরে জাহান।

দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সৌভাগ্যবান শিশুরা হলো—বিবি হাজেরা, আরাফাত ইসলাম, তজু, আরব, সায়মন, নুরন্নবী, মো. ছাদেক, লালু, শহীদা বেগম, তাসমিনা তারা, মো. শাহেদ, ইয়াসমিন বিবি, মোস্তফা, মো. তারেক, মোমিন, মো. রশিদ, মোয়াজ্জেম, জান্নাতারা, আয়াতুল্লাহ ও ইয়াসমিন বিবি। দৃষ্টিশক্তি ফিরে পাওয়া শিশুদের বাবা-মা অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা অনেক আনন্দিত। এতদিন সন্তানের চোখ নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম তা এখন কেটে গেছে। এই চিকিত্সার ফলে আমাদের সন্তানদের সঠিক ভবিষ্যত্ নিশ্চিত হয়েছে।