সংরক্ষিত নারী আসনে গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন ১৩৮৬ জন। প্রতিটি আবেদনপত্রের মূল্য ৩০ হাজার টাকা। এতে মোট আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে তিনদিনে মনোনয়নপত্র জমা পড়েছে ৬শ। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। জমা দেওয়া যাবে আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, হিজড়া, দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানসহ রাজনৈতিক নেত্রীরা আবেদনপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চিত্রনায়িকা নতূন, শাহানূর, সংবাদ উপস্থাপিকা জেনিফার ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী আলী রুবী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমীসহ অনেকে।
