কানাডায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
কানাডায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ অতিক্রম করেছে। গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারের বেশি মানুষ আর প্রাণ হারাচ্ছে গড়ে প্রায় ১০০ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
এদিকে ৯ ডিসেম্বর বুধবার সকালে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা। অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের মধ্যে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে। ফলে এই পদক্ষেপে কানাডিয়ানদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, চলতি মাসে ভ্যাকসিনটির ২ লাখ ৪৯ হাজার ডোজ পাবে। সব মিলিয়ে কানাডা ২ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে। এছাড়া আরও ৫৬ মিলিয়ন ডোজ কেনার সুযোগ রাখা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ডিসেম্বরের শেষ দিকে কানাডা ফাইজার ভ্যাকসিনের ২ লাখ ৪৯ হাজার ডোজ পাবে।
ইত্তেফাক/এমআর
