এই সময়ের ছড়া
ফারুক হোসেন
সরকারি কর্মী সে খুব দরকার,
নানা কাজে ভিনদেশি অভিজ্ঞতার।
ঘর করা গাছ কেটে
খেত করা ঘাস কেটে
ঝোল করা মাছ কেটে
পুল করা বাঁশ কেটে
এইসবে জ্ঞান চাই অন্য দেশের,
কোথায় কীভাবে হয় গোটা বিশ্বের।
খাল কাটা, মাঠ কাটা
ধান কাটা, পাট কাটা,
নালা নদী নদ কাটা
মাটি কাটা হ্রদ কাটা
কী করে কাটতে হবে দিঘি ও পুকুর,
দেশে দেশে দেখতেই করে ঘুরঘুর।
খিচুড়ি ও ভাত রাঁধা
পাতা দিয়ে ছাত বাঁধা
পুকুরের ঘাট বাঁধা
নৌকোর কাঠ বাঁধা
অষুধ ছিটিয়ে মারা খেতের মাকড়,
কীভাবে শুকাতে হবে লতাপাতাখড়।
সরকারি কর্মী সে সীমিত মেধার,
প্রয়োজন ভিনদেশি অভিজ্ঞতার?
