‘শেখ হাসিনার অবদান পদ্মা সেতু দৃশ্যমান’ স্লোগানে রাজধানীর থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে বিকালে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যুবলীগের ধন্যবাদ :স্বপ্ন হলো সত্য, স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান; এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ, পুরো বিশ্ব। পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১৮ কোটি মানুষের আবেগ। চ্যালেঞ্জকে জয় করার অদম্য স্পৃহা এবং আগামীতে দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি।’ আনন্দ শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ নেতারা এসব কথা বলেন। একই সঙ্গে স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল যুবলীগ পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নসারথী, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে গতকাল বেলা ১১টায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ কার্যালয় ১৯, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির আনন্দ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট, জিরো পয়েন্ট হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর সম্মুখে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা পদ্মা সেতু দৃশ্যমান-শেখ হাসিনার অবদান, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে-লাল গোলাপ শুভেচ্ছা, শেখ হাসিনার সরকার-বার বার দরকার, ষড়যন্ত্রের কালো হাত-ভেঙে দাও গুঁড়িয়ে দাওসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
এছাড়া কৃষক লীগ ও শ্রমিক লীগসহ অন্য সহযোগী সংগঠন আনন্দ মিছিল বের করে। পরে মিছিল জিরো পয়েন্টসহ রাজধানীর পল্টন-প্রেসক্লাব প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া রাজধানীর ৭৫টি ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সুসম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ।
