হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমীর অবস্থার অবনতি 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৮:২৫

হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থার অবনতি হয়েছে। শনিবার তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মুনির আহমেদ জানান, শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও শনিবার অবস্থার অবনতি হয়। 

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে হুজুরের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

মুনির আহমেদ জানান, হেফাজত মহাসচিবের ফুসফুসের ইনফেকশন রয়েছে। সেই ইনফেকশন এখন জটিল আকার ধারণ করেছে।

এর আগে ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে কাসেমীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ আসে।

ইত্তেফাক/জেডএইচ