লাউগাছ লাগানোকে কেন্দ্র করে বাউফলে রানী বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুস্প বেগম (৪৫) নামের এক নারীকে পুলিশ আটক করেছে। আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছ লাগাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী দম্পতি বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দায়ের উলটা পাশ দিয়ে রানী বেগমের ঘাড়ের ওপর আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির অন্য লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রানী বেগম মারা যান। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
