তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় দেশ ও দেশের মানুষ দ্রুত এগিয়ে যাচ্ছে! রূপকল্প ২০২১ বাস্তবায়নের নিমিত্ত সরকারের চেষ্টা ও আন্তরিকতার কমতি নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজগুলো পর্যন্ত ডিজিটালাইজেশন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ছোঁয়া থেকে যেন দূরেই রয়ে গেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের অধিকাংশই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। তাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থেকে পড়াশোনা করতে হয়। বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনসহ বর্তমান বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে তাদের প্রয়োজন হয় কম্পিউটার। কিন্তু সবার কম্পিউটার কেনার সামর্থ্য নেই। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ১৪টি হলে কম্পিউটার ল্যাব কিংবা সাইবার ক্যাব নেই আর বাকি যে চারটি হলে কমিপউটার ল্যাব রয়েছে সেগুলোতে পর্যাপ্ত কমিপউটার নেই। যার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহীন রহমান আরফিন
গণযোগাযোগ ও সাংবাদিকতা,
ঢাকা বিশ্ববিদ্যালয়
