বৈশ্বিক জ্ঞান সূচকে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে ২০২০ সালের এ তালিকা প্রকাশ করে।
চলতি বছর তালিকায় ৭৩ দশমিক ৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। তালিকায় ৭১ দশমিক ১ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও ৭০ দশমিক ৮ স্কোর নিয়ে ফিনল্যান্ড তৃতীয় অবস্থানে।
অন্যদিকে, ৪৪ দশমিক ৪ স্কোর নিয়ে বিশ্বে ৭৫তম ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। এর পরই ৪২ দশমিক ১ স্কোর নিয়ে বিশ্বে ৮৭তম ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪০ দশমিক ৯ স্কোর নিয়ে ভুটান তৃতীয়, ৩৬ দশমিক ২ স্কোর নিয়ে নেপাল চতুর্থ ও ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। আর সূচকে ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার সবার নিচের অবস্থানে বাংলাদেশ।
সূচকটি তৈরিতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এগুলো হলো প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সহায়ক পরিবেশ।
বাংলাদেশ প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা সেক্টরে ৪৩ দশমিক ৯ স্কোর পেয়েছে। প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশের স্কোর ৪৯। উচ্চশিক্ষা সেক্টরে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নাজুক, এই সেক্টরে বাংলাদেশের স্কোর ২৪ দশমিক ১। এছাড়াও গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন খাতে বাংলাদেশের স্কোর ১৬ দশমিক ৪, আইসিটি সেক্টরে স্কোর ৪৩ দশমিক ১, অর্থনীতি সেক্টরে বাংলাদেশের স্কোর ৩১ দশমিক ৫ এবং সাধারণ সহায়ক পরিবেশ ৪৬ দশমিক ৪।
