বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ৬৪ জন নারীকে রিক্রুট করা হলো। এই ৬৪ নারী এখন বিমান বাহিনীর অপরাপর সদস্যের মতোই আকাশে বীরদর্পে ডানা মেলে উড়ে যাবেন শত্রুর মোকাবিলায়। এই ৬৪ নারী এনে দিলেন নারীদের আকাশ যুদ্ধে জয়ের স্বপ্ন। বাংলাদেশের আকাশ সীমায় শত্রু হানা দিলে নারীরা যে শুধু ঘরের কোণে ঠায় বসে থাকবে তা নয়। তারাও আকাশে উড়ে শত্রুর মোকাবিলা করতে সক্ষমতা অর্জন করলেন তাই প্রমাণ করলেন এই ৬৪ নারী।
সম্প্রতি বিমান বাহিনীর নতুন বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) বিমান বাহিনীর ৪৮তম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় অত্যাধুনিক জঙ্গি বিমান, হেলিকপ্টারসহ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে কাজ করছেন। তিনি বলেন, রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।
এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৭৫২ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মোট ৬৪ জন নারী একসঙ্গে অন্তর্ভুক্ত হলেন। এ সময় এসি-২ শেখ দিদারুল ইসলাম এবং এসি-২ সারোয়ার আলম শামীম যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন এবং এসি-২ ইমাদ উদ্দিন মজুমদার সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছুলে বিমান বাহিনী ঘাঁটি বাশারের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু জাহিদ মহসীন তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি : ইন্টারনেট
