তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি বিশ্বে ফোল্ডেবল ফোনের ট্রেন্ড মাত্র শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে এ মডেলের ফোনগুলোই বাজার মাতাবে। তাই তো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মনোযোগ এখন ফোল্ডেবল ফোনের দিকে। বাজারে ফোল্ডেবল ফোন আনার প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না এলজি। তাই এ মডেলের ফোন নিয়ে কাজ করছে তারা। প্রতিষ্ঠানটি অফিসিয়ালভাবে কিছু না জানালেও সমপ্রতি অনলাইনে এলজির নতুন একটি ডিভাইসের পেটেন্টের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, ফোনটির আকার বেশ পাতলা। ফুল ডিসপ্লের অর্ধেক অংশ মুড়িয়ে রাখা যাবে পেছনে। ফলে উভয় পাশেই ডিসপ্লে ব্যবহার করা যাবে। চাইলে ডিসপ্লে দুটি একত্রে খুলে ট্যাবলেট আকারে ফোনটি ব্যবহার করা যাবে।তবে কনফিগারেশন কিংবা ডিসপ্লের আকার কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ফোল্ডেবল ফোনের পাশাপাশি ক্যামেরা নির্ভর ফোন তৈরির কাজ করছে এলজি। সমপ্রতি জানা গেছে, ১৬ ক্যামেরা লেন্স যুক্ত ফোনের পেটেন্টের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এদিকে স্যামসাং এ বছরই বাজারে ছাড়বে তাদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন। দাম হতে পারে দেড় হাজার থেকে দুই হাজার পাউন্ড। বাংলাদেশি মদ্রায় যার দাম হবে এক লাখ ৬২ হাজার থেকে দুই লাখ ২২ হাজার টাকার মতো। যেখানে আইফোন ১০এস ম্যাক্সের দাম এক লাখ ২২ হাজার টাকার মতো। এই দাম থেকে ধারণা করা হচ্ছে, এলজির ফোল্ডেবল ফোনের দাম কিছুটা বেশি হতে পারে।
