এক মাস পর হাজার কোটি টাকার লেনদেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:২৭

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এতে এক বছর তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উঠে এসেছে ডিএসইর প্রধান মূল্যসূচক। পাশাপাশি প্রায় এক মাস পর ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

মূল্যসূচকের বড় উত্থান হলেও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬ পয়েন্টে উঠে এসেছে। এর ফলে ২০১৯ সালের ২৮ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচকের এ উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫৩টি এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন বাড়ার পাশাপাশি গত ১৫ নভেম্বরের পর ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হলো।

বড় অঙ্কের এ লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫১ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে রূপালী ইনসিওরেন্স, ফরচুন সুজ, সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন, ইউনাইটেড পাওয়ার এবং রিপাবলিক ইনসিওরেন্স। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।