ডেজার্টে ভিন্নতা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬

অতিথি আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে খাবারের পর ডেজার্ট হলে ভালোই হয়। সাধারণ মিষ্টিজাতীয় ডেজার্ট তৈরি না করে আপনি চাইলে সেই স্বাদে আনতে পারেন ভিন্নতা। ডেজার্টের কয়েকটি ভিন্নরকম রেসিপি দিয়েছেন জেসমিন আক্তার জেসি

ক্যারট ডিলাইট

উপকরণ :

গাজরের জন্যে লাগবে— গাজর এক কেজি (কুচি করে কাটা)। চিনি আধা কাপ বা স্বাদমতো। তরল দুধ আধা লিটার। গুঁড়া দুধ আধা কাপ। ঘি দুই টেবিল-চামচ। দারুচিনি ও এলাচের গুঁড়া আধা চা-চামচ করে। কনডেন্সড মিল্ক আধা কাপ।

ছানার জন্যে লাগবে— ছানা দুই লিটার দুধের। গুঁড়া দুধ ১/৪ কাপ। চিনি ১/৪ কাপ বা স্বাদমতো। ঘি এক টেবিল-চামচ। এলাচের গুঁড়া আধা চা-চামচ। কনডেন্সড মিল্ক আধা কাপ।

প্রণালি : ছানা ও গুঁড়া-দুধ ভালোভাবে ময়ান দিয়ে নিন তেলতেলে হওয়া পর্যন্ত। প্যানে ঘি গরম করে চুলার আঁচ একদম কমিয়ে ছানার মিশ্রণ দিয়ে কিছুক্ষণ নেড়ে কনডেন্সড মিল্ক দিয়ে অনবরত নাড়তে থাকুন। ছানার পানি একদম শুকিয়ে এলে চিনি ও এলাচের গুঁড়া মিশিয়ে নাড়তে থাকুন। চিনির পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ছড়ানো প্লেটে ঢেলে রোলের মতো বানিয়ে ফ্র্রিজে রেখে ঠান্ডা করে নিন।

০০০

পাকা পেঁপের সন্দেশ

 

উপকরণ :পাকা পেঁপে মাঝারি সাইজের একটি। চিনি দুই কাপ। নারকেল কোড়ানো এক কাপ, ঘি দুই টেবিল চামচ। এলাচ গুঁড়া আধা চা চামচ। গুঁড়া দুধ এক কাপ। তরল দুধ এক কাপ। কাজু বাদাম বাটা আধা কাপ। আস্ত কাজু বাদাম ৩/৪টি।

প্রণালি :প্রথমে পাকা পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর এটি এক কাপ তরল দুধ দিয়ে ব্লেডিং করে অথবা বেটে নিতে হবে। এরপর একটি ননস্টিক পেনে এক টেবিল চামচ ঘি দিতে হবে। এরপর এতে ব্লেন্ডিং করা পাকা পেঁপে দিয়ে নাড়তে হবে। এরপর এতে এক এক করে এলাচ গুঁড়া, চিনি, নারকেল কোড়া ও গুঁড়া দুধ দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে হবে। এভাবে মিশ্রণটি পেনের গা ছেড়ে ঘি বের হয়ে এলে নামিয়ে ডিসে ঢেলে ঠান্ডা করে নিয়ে সন্দেশ আকারে কেটে নিতে হবে। এবার উপরে কাজু বাদাম দিয়ে পরিবেশন করুন।

 

০০০

যুগলবন্দী

 

উপকরণ :ছানা দুই কাপ, ক্ষির এক কাপ, মাওয়া আধা কাপ, খেজুর বাটা আধা কাপ, আমন্ড বাদাম বাটা আধা কাপ, গোলাপ এসেন্স সামান্য, গুঁড়া চিনি দেড় কাপ, ঘি দুই টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, পেস্তা বাদামের কুঁচি আধা কাপ।

প্রণালি :এক কাপ ছানা, পৌনে এক কাপ চিনি, গোলাপ এসেন্স একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। ছানার পানি শুকিয়ে এলে এক টেবিল চামচ ঘি দিয়ে অল্প নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাকি ছানার সঙ্গে মিশিয়ে চার ইঞ্চি উচ্চতার ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি মোল্ডে বাটা পেপার বা ট্রেসিং পেপার সেট করে সন্দেশ ঢেলে সমান করে দিতে হবে। ক্ষীর, খেজুর বাটা, বাকি চিনি, বাদাম বাটা, এলাচ গুঁড়া দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। শুকিয়ে এলে এক টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে মাওয়ার গুঁড়া ও পেস্তা বাদামের কুঁচি মিশিয়ে সাদা সন্দেশের উপর ঢেলে দিয়ে সমান করে দিতে হবে। ঠান্ডা হলে মোল্ড থেকে উঠিয়ে স্লাইস করতে হবে।

০০০

লাউয়ের লাড্ডু

 

উপকরণ :একটি বড় লাউ (ছাল ফেলে ধুয়ে লাউয়ের ভেতরের নরম অংশ আলাদা করে নিন), চিনি দেড় কাপ (চাইলে আরও দিতে পারেন), এলাচ গুঁড়া এক চা চামচ, ঘি এক টেবিল চামচ, নারিকেল শুকনো গুঁড়া ১/২ কাপ (কেনা নারিকেল ঝুরাও দিতে পারেন), গোলাপজল ১/২ চা চামচ, গ্রিন ফুড কালার ১/৪ চা চামচ।

প্রণালি :লাউয়ের শক্ত অংশ গ্রেটারে বা ফুড প্রসেসরে ছোট করে কুঁচি করে নিয়ে আবার পানি দিয়ে ধুয়ে নিন। এখন একটি পাতলা কাপড়ে নিয়ে ভালো করে লাউ থেকে পানি ঝরিয়ে নিন। চিনি গলে যাওয়া পর্যন্ত আঁচ মাঝারি রেখে ঢেকে দিন। চিনির পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। এভাবে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রাখুন এবং মাঝে মাঝে নাড়ুন ও ফুড কালার মিশিয়ে দিন। পানি টেনে শুকনো শুকনো হলে ঘি, গোলাপজল ও নারিকেল দিন। ২ মিনিট রেখে নামিয়ে ফেলুন, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হবে। কিছুটা ঠান্ডা হলে হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে করে নিন।