১৫ হাজার ইয়াবা, কারাদণ্ড ১৫ বছর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:০৪

১৫ হাজার পিস ইয়াবা রাখার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রাশেদুল ইসলাম নামের একজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সোমবার দুপুরে ঢাকা মহানগর অতিরিক্ত সপ্তম দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, ৯ জন সাক্ষীর মধ্যে সাতজনই আদালতে সাক্ষী দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে দোষী সাব্যস্তক্রমে তার বিরুদ্ধে আনিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ সাজা ১৫ বছরের সাজা দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবর রহমান ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহিবুর রহমান মাহবুব। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আসামি রাশেদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক কারবারের সঙ্গে জড়িত। দীর্ঘদিন মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচ