সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে স্থায়ী একটি বাজারের পাশে আরেকটি অবৈধ বাজার জোরপূর্বক স্থাপনের অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে বেহেলী ইউনিয়নের গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেহেলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রবণ কান্তি রায় পিলু, গ্রামের মুরুব্বি সনদ দাশ, সত্যজিত্ রায়, সাগর পাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বেহেলী ইউনিয়নে একটি স্থায়ী বাজার আছে। কিন্তু গ্রামের কিছু দুষ্টচক্র মিলে পুরনো এই বাজারের পাশে আরেকটি নতুন বাজার অবৈধভাবে নির্মাণ করছে। আমরা একটা বাজার নিয়ে সন্তুষ্ট আছি। বক্তারা আরো বলেন, অবৈধভাবে পরিচালিত বাজার বন্ধ করার জন্য আমরা বেহেলী গ্রামবাসী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দাখিল করেন মানববন্ধনকারীরা।
