জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে সাংবাদিকদের গণসমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া চক্রটি সম্প্রতি কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে। যা চরম ঘৃণ্য অপরাধ ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দেশের মানুষকে বিচ্যুত করা যাবে না। কারণ, বঙ্গবন্ধু ও তার আদর্শ বাংলাদেশের মাটি-মানুষের হূদয়ে আছে মিশে। এমপি সরোয়ার জাহান বাদশা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। আর বঙ্গবন্ধুকে অবমাননা করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করা। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।
সমাবেশে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর, কক্সবাজার ও নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য জেলার অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় স্থানীয় দিশা টাওয়ারের হলরুমে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।
