নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ী উপজেলার খরসে্রাতা চেল্লাখালী নদীর পোড়াগাঁও ইউনিয়নস্থ আন্ধারুপাড়া-বাতকুঁচি এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহূত ছয়টি শ্যালচালিত ড্রেজার ধ্বংস করে বুধবার বিকালে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব ধ্বংস করে। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও বালু উত্তোলন ও পাহাড় ধ্বংস করে বালু উত্তোলনে শুরু করছে। সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের পশ্চিমপাশে আন্ধারুপাড়া-বাতকুঁচি এলাকায় দীর্ঘদিন যাবত্ এলাকার কতিপয় বালু ব্যবসায়ী চেল্লাখালী নদীর তীরবর্তী সমতল ও পাহাড় খুঁড়ে বড় বড় ও ৫০/৬০ গভীর গর্ত করে অবৈধভাবে ৯/১০ শ্যালচালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে।
এ বিষয়ে একটি সচিত্র সংবাদ ইত্তেফাকে প্রকাশিতও হয়। সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে এবং গত বুধবার ওই স্থানে অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে জ্বালিয়ে ধ্বংস করেন। এসময় সহকারী কমিশনার লুবনা শারমিনসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ব্যবহূত মেশিনগুলো পাওয়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুনরায় বালু উত্তোলন হচ্ছে এ প্রসঙ্গে বলেন, এবার এদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
