নেইমারের পিএসজির সামনে মেসির বার্সা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:২৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় গত আসরের রানার আপ পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির বার্সেলোনা। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম বারের মতো ফরাসি দলটিকে নিয়ে ন্যু ক্যাম্পে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় উয়েফার মহাকার্যালয় সুইজারল্যান্ডের নিয়নে হওয়া শেষ ষোলোর ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে পড়েছে ইতালিয়ান দল ল্যাজিও। শেষ ষোলোর অন্যান্য ম্যাচে পোর্তোর বিপক্ষে মাঠে নামবে রোনালদোর জুভেন্তাস, গত মৌসুমের সেমিফাইনালিস্ট রেডবুল লাইপজিগের বিপক্ষে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল।

১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইতালিতে পা রাখবে আটালান্টার বিপক্ষে খেলতে এবং ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি স্পেনে পা রাখবে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে। ১৬ দলের অংশগ্রহণে দুই লেগের নক-আউট রাউন্ডটির প্রথম লেগ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শেষ দুই সপ্তাহে। এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মার্চের প্রথম দুই সপ্তাহে।

ইত্তেফাক/এসআই