অনুমতি নিয়ে হত্যার পরেও মৃত্যুদণ্ড পেলেন তিনি! 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:০০

নয়জনকে হত্যার দায়ে জাপানে 'টুইটার কিলার' নামে পরিচিতি পাওয়া তাকাহিরো শিরাইশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার এই রায় দেওয়া হয়। জানা গেছে, ২৯ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নয়জনকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন ।

রায় প্রদানের সময় বিচারক বলেন, নয়জন ভুক্তভোগীর কেউই তাদের হত্যার জন্য সম্মতি দেয়নি। 

এর আগে তাকাহিরো শিরাইশির আইনজীবী দাবি করেছিলেন যে, টুইটারে অনেকে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করতেন, তাকাহিরো বেছে বেছে তাদেরই খুন করেছেন। তাই তার বিরুদ্ধে শাস্তি কমানো উচিৎ।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়, হত্যার পর প্রমাণ লুকাতে মরদেহ টুকরো টুকরো করে কেটে ফেলতেন তাকাহিরো । তারপর বাক্সে ভরে বাড়িতেই রেখে দিতন সেগুলো।

তাকাহিরো শিরাইশি'র এমন হত্যাকাণ্ডের কথা পুলিশ জানতে পারে তিন বছর আগে। ২০১৭ সালে জাপানের ২৩ বছর বয়সী এক নারী টুইটারে লেখেন, তিনি আত্মহত্যা করতে চান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে ওই নারীর ভাই সেই টুইটারে খোঁজ করে সন্দেহজনক এক ব্যক্তির খোঁজ পান। ওই ঘটনার পর পুলিশ তদন্ত করে তাকাহিরোকে গ্রেফতার করে পুলিশ।

ইত্তেফাক/এআর