গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার গৌরনদীর শরিকল ইউপির দুই সদস্যের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মো. ফারুক হোসেন সরদারের সাথে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা মো. আতাহার হোসেনের বিরোধ চলে আসছে। ঘটনার দিন শরিকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভিজিডি কার্ড, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ পরিষদের কার্ড বণ্টন নিয়ে আলোচনা চলাকালে পরিষদের সদস্য ফারুক হোসেন সরদার জনসংখ্যার ভিত্তিতে কার্ড বিতরণের প্রস্তাব দেন। এ সময় তার প্রস্তাবের বিরোধিতা করেন পরিষদের সদস্য আতাহার হোসেন। এ নিয়ে ইউপির ওই দুই সদস্যের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সভা শেষে এর জের ধরে একে অপরের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা বলেন, সভার মধ্যে উভয় ইউপি সদস্য যা করেছে তা গুরুতর অন্যায়। যেহেতু উভয়েই পরিষদের সদস্য সেহেতু বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
