বি জ য়ে র ক বি তা

ইন্দ্রিয়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১২

হাবীবুল্লাহ সিরাজী

 

উত্স নিয়ে  চূর্ণ হ’লে শব্দের মণ্ডল

হে কর্ণ, শ্রবণসঙ্গ

বায়ুর বিস্তার দিয়ে পূর্ণ করো সীমা

 

গোলকের অসামান্য  ছায়া-স্তব্ধতায়

মুছে গেলে উত্সবের আলো, তারপরো

হে চক্ষু, মঙ্গলে রাখো স্নিগ্ধ বীজদল

 

আয়ুর আড়ালে যার সূত্র-পরিচয়

হে নাসিকা, প্রাণনাথ

ঘ্রাণহীন অন্তরালে হও সত্য-সহচর

 

উষ্ণ আরো উষ্ণ কিংবা বাকপ্রবণতা

তেজ ও স্বাদের সর্ব-অবস্থানে

হে জিহ্বা, তোমার নগ্নে চিরস্থায়ী রূপ

 

স্তরে-স্তরে নিত্য ক্ষরণের যতো রূপ

হে ত্বক,  অপূর্ণ সার

বোধের বিহারে তার পুনর্জন্ম হোক

 

চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক