ক্ষমা চাইলেও জরিমানা গুনতে হচ্ছে মুশফিককে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:১০

স্পোর্টস রিপোর্টার

ফরচুন বরিশালের বিপক্ষে গত সোমবার এলিমিনেটর ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। আচরণবিধি ভঙ্গ করায় এই ঘটনায় মুশফিককে জরিমানা করেছেন ম্যাচ রেফারি। ম্যাচের অনফিল্ড আম্পায়াররা তাকে অভিযুক্ত করে রিপোর্ট দিয়েছেন। তাই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিককে জরিমানা করার বিষয়টি জানিয়েছে বিসিবি। আচরণবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন তিনি। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক জানিয়েছেন, ঐ ঘটনার জন্য নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি সমর্থকসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন। মাঠে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় বলেই মনে করেন তিনি। অদূর ভবিষ্যতে মাঠে এমন আচরণের পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছেন মুশফিক।

ম্যাচের ১৩তম ও ১৭তম ওভারে দুইবার নাসুমকে মারতে উদ্যত হন মুশফিক। যা ছিল পুরো দৃষ্টিকটু। যদিও নিজের আইডি থেকে দেওয়া পোস্টে বাঁহাতি এই স্পিনার বলেছেন, মাঠে এমন হতেই পারে। বড় ভাই হিসেবে মুশফিক তাকে শাসাতেই পারেন। এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।