রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে সোনাভরি নদী খনন না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে বন্দবেড় ইউনিয়নবাসীর উদ্যোগে উপজেলা প্রশাসনের সামনে ডিসি রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সকল শ্রেণির প্রায় ৫ শতাধিক লোক। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, বন্দবেড় ইউপি সদস্য ও রৌমারী বাস মালিক শ্রমিক সমিতির সভাপতি মো. আব্দুল মতিন প্রমুখ। বক্তারা বলেন, এ নদী খনন হলে প্রায় ৩ হাজার পরিবার তাদের আয় রোজগারের পথ ও বাড়ি ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।
উল্লেখ্য, গত রবিবার পানি উন্নয়ন অফিস কর্তৃক নদীর দুধারে বাড়িঘর নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করলে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী।
