করোনা মহামারির সময় ২০০ কোটির বেশি মানুষ সহায়তা পায়নি :অক্সফাম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৮

ব্রিটেনভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম জানিয়েছে, করোনা মহামারির মধ্যে বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ সহায়তা পায়নি। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে অক্সফাম এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার

অক্সফাম তার বিশ্লেষণে বলেছে, করোনার কারণে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। গরিবরা আরো গরীব হয়েছেন। এই অর্থনৈতিক বিপর্যয়েও অনেকে সহায়তা পাননি। সংস্থাটি জানিয়েছে, ২০৭ কোটি মানুষ করোনা সহায়তা পাননি। এতে সমাজে বৈষম্য আরো বেড়েছে। সংস্থাটি জানায়, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১২৬টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে নগদ টাকা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দশটি দেশের মধ্যে আটটিই তার দেশের অর্ধেক জনগণকে কোনো অর্থই দেয়নি। সংস্থাটি বিশ্বকে দরিদ্রদের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। না হলে কয়েক দশকের মধ্যে দারিদ্র্য চরম পর্যায়ে পৌঁছাতে পারে।