সিংড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪০

সিংড়া (নাটোর) সংবাদদাতা

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আলমঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া, নাটোর হাসপাতাল, রাজশাহী ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার দুপুর সোয়া দুইটার সময় উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমঙ্গীর হোসেন ওই গ্রামের মাহমুদ আলী প্রামাণিকের ছেলে এবং কামাল মেম্বারের বড়ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমির মালিকানা নিয়ে মাধা বাঁশবাড়িয়া গ্রামের কামাল মেম্বার ও কালাম প্রফেসরের মধ্যে পূর্ব বিরোধ ছিল। দুপুরে কালামের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে পানি সেচ দিতে গেলে কামাল মেম্বার ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চন্দনাইশে মসজিদের জমির বিরোধ!

সংঘর্ষে আহত ১০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলার দোহাজারী খানবাড়ি জামে মসজিদের জমির বিরোধ নিয়ে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় শেষে প্রয়াত সাংবাদিক আবুল কালাম ও আহমদুর রহমান এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আবছার (৩৪),  মো: শাকিল (১৮), শাহাদাত্ হোসেন পারভেজ (৩০),  জোনায়েদ খালেদ (২২), জিয়া (২০), লিটন (২৫), জাহেদা বেগম (৩৪), ওসমান (৩২), ইলিয়াছ (৪৫), নাজমা আক্তার নাজু (২০)-সহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খানবাড়ি মসজিদের জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন হতে বিরোধ চলে আসছিল। এদিন দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। খবর পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।