উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মত্স্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে সাগরে যৌথ অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ জানুয়ারি থেকে উখিয়ার সাগর উপকূলে এ অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা মত্স্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শাহিন জানান।
সূত্র জানায়, বুধবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে ইলিশ উন্নয়নের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় এলাকায় ব্যাপক হারে মত্স্য আহরণে ব্যবহূত বেহুন্দী জাল, টং জাল, কুটি জাল, বাঁধা জাল ও কারেন্ট জাল উদ্ধার করে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হবে।
মত্স্য কর্মকর্তা আরো বলেন, এসব জাল ব্যবহারকারী তথা আইন অমান্যকারীর কমপক্ষে ১ বছর থেকে দুই বছরের সাজা অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অভিযানে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করার কথা রয়েছে।
