৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে হাটহাজারীতে গণ-স্বাক্ষর

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪১

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে হাটহাজারীতে গণ-স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নাজিরহাট কলেজ শহীদ মিনার চত্বরে যুদ্ধ দলিল প্রকল্প এবং মুক্তি সংগ্রাম পাঠচক্র হাটহাজারীর যৌথ উদ্যোগে এ গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নাজিরহাট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আলমগীর এতে সমন্বয়কারী হিসেবে ভূমিকা রাখেন। নাজিরহাট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই গণস্বাক্ষর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নাজিরহাট কলেজের শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, রুপন কান্তি দে, এসএম কায়সার ইসলামসহ অনেকে জানান, এ ধরনের গণস্বাক্ষর কার্যক্রম নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে অত্যন্ত কার্যকর। উল্লেখ্য, মুক্তিসংগ্রাম পাঠচক্র হাটহাজারীর উদ্যোগে কাটিরহাট উচ্চ বিদ্যালয়েও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।