‘এ বছরই সিনেমা নির্মাণ করবো’

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

নির্মাতা চয়নিকা চৌধুরী এবার চলচ্চিত্র নির্মাণ করবেন—বিনোদন প্রতিদিনকে এমনটাই জানালেন। এছাড়া বর্তমানে তিনি ব্যস্ত ছোটপর্দা নিয়েই—

বেশ কয়েকটি অনলাইন পোর্টালের খবরে বলা হচ্ছে, আপনি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন কিনেছেন। বিষয়টি কতটুকু সত্য?

একদমই মিথ্যা খবর এটি। আমি কখনো রাজনীতি করিনি। কিন্তু আমি রাজনীতিবীদদের শ্রদ্ধা করি। মনোনয়ন নিতে যোগ্যতা লাগে, আমার তো সেই যোগ্যতা নেই। আমি কেন মনোনয়ন নিতে যাবো। আমি এসব খবরের প্রতিবাদও করেছি। আমি বিশ্বাস করি, দেশের জন্য কাজ করতে হলে মনোনয়ন কেনার প্রয়োজন হয় না। যে যার অবস্থানে থেকে নিজের কাজটুকু ঠিকমতো করা মানেই দেশের জন্য কাজ করা।

 

কিন্তু আপনি তো নির্বাচনী প্রচারণায় কাজ অংশ নিয়েছেন...

মূলত, এটা শমী কায়সারের কাজ ছিল। শমী আমার বন্ধু। তাকে আমি অনেক ভালোবাসি। তার কথায় ‘আমরা বাংলাদেশের পক্ষে’ শিরোনামে প্রায় ৫৮ জন শিল্পীর ভিডিও বার্তা আমরা নিয়েছিলাম। প্রচারণার কাজটাও সুন্দর এবং শমী বলেছে তাই বিশ্বাস, ভালোবাসা ও যত্ন নিয়ে সব শিল্পী কথা বলেছেন। এটা টিমওয়ার্ক ছিল, করতেও ভালো লেগেছে।

বছরের শুরু থেকেই আপনার নির্মিত ‘নীলরঙা মন’ শিরোনামের ধারাবাহিক প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?

এটি একটি ফ্যামিলি ড্রামা। আমি বেশ যত্ন নিয়ে কাজ করি, এটাও তেমনি করেছি। প্রচার শুরু হওয়ার বেশিদিন হয়নি, এরইমধ্যে বেশ সাড়া পাচ্ছি।

 

আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—

আমি নির্মাতা, নির্মাণ নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। নারী দিবসে ‘প্রতিদিনের মতো একটি দিন’ ও ভালোবাসা দিবসে ‘একদিন ভালোবাসা হবে’ শিরোনামের দুটো নাটক প্রচার হবে।

 

২০০১ থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য নাটক নির্মাণ করেছেন। নিজের কখনো অভিনয় করার ইচ্ছে হয় না?

না, আমি একসাথে একাধিক কাজ পছন্দ করি না। তবে গিয়াস উদ্দীন সেলিম ও অমিতাভ রেজা যদি আমাকে অভিনয় করতে বলেন তাহলে আমি করবো!

 

সিনেমা নির্মাণ করার ইচ্ছে আছে?

সব নির্মাতারই স্বপ্ন থাকে সিনেমা নির্মাণ করার। আমারও সেই স্বপ্ন অবশ্যই আছে। এ বছরই সিনেমা নির্মাণ করবো। গল্প প্রস্তুত, এরইমধ্যে অনেকগুলো মিটিংও করলাম। আশা করছি তিন-চার মাসের মধ্যেই নিশ্চিত খবর দিতে পারবো।

 

সাক্ষাত্কার:নুরুল করিম