গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে গড়ে তোলা হচ্ছে একটি ইটভাটা। স্থানীয় কৃষকেরা এ ব্যাপারে জেলা প্রশাসক ও রাজশাহী পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, পুরাপাড়া মৌজায় তাদের সবার ফসলি জমি রয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ থাকায় তাদের জমিতে বছরে তিন বার ধান চাষ করা সম্ভব হয়। এখানে ইটভাটা হলে তাদের ফসল নষ্ট হবে। এতে তারা পরিবার নিয়ে দুর্ভোগে পড়বেন। তাই তারা এই ইটভাটা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
