ইত্তেফাক রিপোর্ট
জনপ্রিয়তা বাড়ছে দেশের মোবাইল ব্যাংকিংয়ের। এর সঙ্গে লেনদেনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে দেশের ১৫টি ব্যাংক। অক্টোবর শেষে নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বর মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। ঐ মাসে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৯ শতাংশ। অক্টোবর পর্যন্ত সক্রিয় হিসাবধারী ছিলেন ৩৩২ কোটি ৯৩ লাখ, সেপ্টেম্বরে ছিলেন ৪১০ কোটি ৩৫ লাখ।
অক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৮ হাজার ৪২৩ বার, যেখানে টাকার পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৪ কোটি ৮৪ লাখ। আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৪৯ হাজার ১২১ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে অক্টোবরে লেনদেন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৩ লাখ ৬০ হাজার ৬৫৮ বার, যেখানে টাকার পরিমাণ ছিল ১ হাজার ৭১৮ কোটি। তার আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দৈনিক প্রায় ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে। অক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, এবার সক্রিয় হিসাবধারীর সংখ্যা কমেছে। যারা তিন মাস লেনদেন করেনি এমন গ্রাহককে হিসাবে দেখানো হয়নি। পরে লেনদেন নিয়মিত হলে এটার শতাংশ আবার বাড়বে। সাধারণত ঈদের আগে, বছরের শুরু বা শেষে লেনদেন বেশি হয়। অনেকেই অনলাইন পেমেন্ট, বিভিন্ন ফি পরিশোধের জন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন, তারা নিয়মিত ব্যবহারকারী নন। এজন্য সক্রিয় হিসাবধারীর সংখ্যায় হেরফের হয়।
