বেতন নেননি শতাধিক মার্কিন কংগ্রেস সদস্য

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৫০

 

যুক্তরাষ্ট্রে চলমান ‘শাটডাউনের’ কারণে বেতন না পাওয়া সরকারি কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে বেতন নেননি ১০২ জন কংগ্রেস সদস্য।  আংশিক শাটডাউনের ফলে কয়েক লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছেন না এবং বেশ কিছু সরকারি কার্যালয় বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এখন পর্যন্ত ১০২ জন কংগ্রেস সদস্য বেতন না নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলেরই ২০ জন সিনেটর ও ৮২ জন প্রতিনিধি পরিষদের সদস্য রয়েছেন। এই কংগ্রেস সদস্যরা তাদের বেতন স্থগিত রাখার কথা বলেছেন। আরো কয়েকজন সদস্য জানিয়েছেন, বেতনের অর্থ তারা দাতব্য কাজে ব্যয় করবেন। ২০২০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দেওয়া ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, তিনি তার বেতন শরণার্থীদের সহায়তা করা সংগঠন এইচআইএএসকে দান করবেন। খবর সিএনএনের।

২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা হয়েছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ করার বাধ্যবাধকতা ছিল। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়। বরাদ্দ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দপ্তরের মধ্যে নয়টিতে আংশিক শাটডাউন শুরু হয়। দেয়ালের জন্য অর্থায়ন নিশ্চিত না হলে জরুরি অবস্থা জারির হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প।