ডয়েচ ভেলে
২০১৮ সালে জার্মানির রাস্তায় সাত লাখ ৪৫ হাজার যানজট সৃষ্টি হয়েছিল। ২০১৭ সালের তুলনায় এটি তিন শতাংশ বেশি। জার্মানির অটোমোবাইল ক্লাব এডিএসি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এডিএসি বলছে, দেশটিতে যানজটের জন্য যাত্রীদের অতিরিক্ত চার লাখ ৫৯ হাজার ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। এছাড়া ট্রাফিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল বলে ইনট্রিক্স জানিয়েছে। এ গবেষণায় এশিয়ার বেশ কিছু দেশ ও আফ্রিকার যানজট পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করেনি।
অন্যদিকে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়াতে সবচেয়ে বেশি যানজট লেগেছিল| সংখ্যার হিসেবে জার্মানির মোট যানজটের প্রায় ৩৫ শতাংশই হয়েছিল এই রাজ্যে| এরপরে আছে বাভারিয়ায় ১৭ শতাংশ এবং বাডেন-ভ্যুর্টেমব্যার্গে ১১ শতাংশ। উল্লেখ্য, বিএমডাব্লিউর সদর দপ্তর বাভারিয়ার মিউনিখ এবং মার্সিডিজ বেঞ্চের সদরদপ্তর বাডেন-ভ্যুর্টেমব্যার্গের স্টুটগার্টে অবস্থিত|
ট্রাফিক বিশ্লেষণ করাই ইন্ট্রিক্সের কাজ। এবার সে কাজ করতে গিয়ে তারা দেখেছে, অফিস শুরু আর শেষের সময়টায় ট্রাফিক পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে| পরিসংখ্যান বলছে, সেখানকার গাড়ি চালকদের প্রতিবছর পিক আওয়ারে অন্তত ১০৪ ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়।
